সামনেই পয়লা বৈশাখ; দিন শুরু হবে পান্তা-ইলিশে। বাঙালির এই আবেগের সুযোগ নিয়ে পয়লা বৈশাখের কয়েক দিন আগে থেকেই মাছ ব্যবসায়ীরা গলাকাটা দাম হাঁকান ইলিশের।
তাই বলে এক ইলিশের দাম ১৬ হাজার টাকা! তাও আবার আড়তে! একজন খুচরা ব্যবসায়ী এই দামে মাছটি আড়ত থেকে কিনেছেন। সেটি ঢাকার খুচরা বাজারে তিনি কত বিক্রি করেছেন বা করবেন তা জানা যায়নি।
মুন্সিগঞ্জের মাওয়ায় একটি আড়তে গতকাল মঙ্গলবার ১৬ হাজার টাকায় একটি ইলিশ মাছ বিক্রির এই ঘটনা ঘটেছে। আজ বুধবার বাসসের খবরে এ কথা বলা হয়েছে।
বাসস বলেছে, ২ কেজি ২০০ গ্রাম ওজনের ইলিশটি ধরা পড়ে মুন্সিগঞ্জের সুরেশ্বরের কাছে পদ্মা নদীতে। মাছটি জেলেরা মাওয়ার ছানারঞ্জন দাসের আড়তে নিয়ে যান। ছানারঞ্জন ইলিশটি ১৬ হাজার টাকায় বিক্রি করেন খুচরা বিক্রেতা গয়ানাথ দাসের কাছে। গয়ানাথ ইলিশটি ঢাকায় বিক্রির জন্য এনেছেন।
মাওয়া মৎস্য আড়তের ভজনদাস নামের এক মাছ ব্যবসায়ী জানান, এ বছরের মাওয়ার আড়তে আসা সবচেয়ে বড় ইলিশ এটি। এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না।
বাসসের খবরে বলা হয়েছে, দেশের অন্যতম মৎস্য আড়ত মাওয়ায় এখন গড়ে প্রতিদিন ৩০ হাজার ইলিশ বিক্রি হয়। এর বেশির ভাগ যাচ্ছে ঢাকা ও আশপাশের বাজারে। সামনে পয়লা বৈশাখ। এ কারণে ইলিশের বাজারে আগুন। মঙ্গলবার মাওয়ায় এক কেজি ওজনের চারটি ইলিশ গড়ে ১৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগেও এই ইলিশ এখানে সর্বোচ্চ তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হয়েছে। দাম আরও বেড়ে যেতে পারে এই আশঙ্কায় অনেকেই আগে থেকে ইলিশ কিনে ফ্রিজে বা হিমাগারে মজুত করছেন। ছোট আকারের ইলিশের দাম অপেক্ষাকৃত কম। আধা কেজি ওজনের প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে দুই হাজার টাকায়।
এদিকে, এই মৎস্য আড়তে ২২ কেজি ওজনের একটি কচ্ছপ বিক্রি হয়েছে। বিশাল কচ্ছপটি ১২ হাজার টাকায় কিনেছেন খুচরা মাছ বিক্রেতা জাহাঙ্গীর হোসেন। এটি মাওয়ায় পানিতে রাখা হয়েছে। ২ / ১ দিনের মধ্যেই ঢাকায় নেওয়া হবে। এটি শরীয়তপুরের কাছে পদ্মা নদীতে ইলিশের জালে ধরা পড়েছিল।

Blogger Comment
Facebook Comment