শিগগিরই বিএনপির নির্বাহী কমিটি পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার রাত সাড়ে ৯টা দিকে গুলশানের কার্যালয়ে বিএনপিপন্থি কর আইনজীবীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
খালেদা জিয়া বলেন, রোববার সালাহ উদ্দিনকে ধরে নিয়ে যাওয়ার দুই মাস পূর্ণ হতে যাচ্ছে। আমরা এখনো সালাহ উদ্দিনকে পাইনি। সালাহ উদ্দিন র্যাবের কাছেই আছে। তিনি বলেন, অবিলম্বে সালাহ উদ্দিনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিন কিংবা যেখান থেকে তুলে নিয়েছেন সেখানেই রেখে আসুন। সালাহ উদ্দিনের কিছু হলে পরিণতি ভাল হবে না।
বিএনপি চেয়ারপারসন বলেন, সিটি নির্বাচনে আওয়ামী লীগ সন্ত্রাসের আশ্রয় নিয়ে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় জিতেছে। তাদের পায়ের নিচে মাটি নেই। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন হলে সব নির্বাচনে বিএনপি জয়লাভ করবে।
স্থলসীমান্ত চুক্তির বিষয়ে তিনি বলেন, স্থলসীমান্ত চুক্তি কোনো দলের সাফল্য নয়। এটি বাংলাদেশের প্রাপ্য ছিল।
পেট্রলবোমা হামলা সরকারদলীয় লোকজনের কাজ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, আমরা পেট্রলবোমার সঙ্গে জড়িত নই। আওয়ামী লীগ, ছাত্রলীগ জড়িত। বিএনপির আন্দোলনকে ভিন্নখাতে নেয়ার জন্য পুলিশ প্রহরায় তারা পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করেছে।

Blogger Comment
Facebook Comment