সর্বশেষ খবর:

ঢাবির প্রতি আসনে লড়বে ৪৬ পরীক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে ভর্তির জন্য প্রতি আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৫.৭৫ জন ভর্তিচ্ছু। ৫টি ইউনিটের সর্বমোট ৬ হাজার ৫৮২টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩ লাখ ১ হাজার ১৩৮ জন। গড়ে প্রতিটি আসনের জন্য লড়বেন ৪৬ জন।

আজ রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে ভর্তির আবেদনপত্র গ্রহণ কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

ভর্তি পরীক্ষা কমিটির দেয়া তথ্য অনুযায়ী, এবার বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটে এক হাজার ৬৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৮১ হাজার ৯৪১ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৫০ জন।

কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত খ-ইউনিটে দুই হাজার ২২১ আসনের বিপরীতে ৪২ হাজার ৪১৭টি আবেদন জমা পড়েছে। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ১৯ জন।

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত বিষয়গুলোর জন্য গ-ইউনিটের এক হাজার ১৭০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৯ হাজার ৯৭৬টি। প্রতিটি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ৪৩ জন।

বিভাগ পরিবর্তনের জন্য ঘ-ইউনিটভুক্ত এক হাজার ৪১৬টি আসনের বিপরীতে ১ লাখ ১২ হাজার ৪২টি আবেদনপত্র জমা পড়েছে। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৭১ জন পরীক্ষার্থী।

চারুকলা অনুষদভুক্ত বিষয়ের জন্য চ-ইউনিটের ১৩৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ১৪ হাজার ৭৫৫টি। এ ইউনিটে প্রতি আসনের বিপরীতে রয়েছেন ১০৯ জন পরীক্ষার্থী।

আগামী ৫ সেপ্টেম্বর গ-ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবার শুরু হচ্ছে ঢাবিতে ভর্তি পরীক্ষার কার্যক্রম। এছাড়া ক-ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, খ-ইউনিটে ১৯ সেপ্টেম্বর, ঘ-ইউনিটে ২৬ সেপ্টেম্বর এবং চ-ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা রয়েছে।

    Blogger Comment
    Facebook Comment