সর্বশেষ খবর:

দেড় বছরের জন্য বন্ধ রূপসীবাংলা, আসবে ইন্টারকন্টিনেন্টাল হয়ে !


​সংস্কার কাজের জন্য ঢাকার প্রথম পাঁচ তারকা হোটেল রূপসীবাংলা বন্ধ করে দেয়া হয়েছে। সোমবার দুপুরে হোটেলের প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়া হয়। সংস্কার শেষে এ পাঁচতারকা হোটেলটি আসবে ইন্টারকন্টিনেন্টাল হয়ে।

হোটেলের লবিতে সংস্কার-পরবর্তী 'ইন্টারকন্টিনেন্টালের' নতুন রূপসংবলিত নকশা রাখা হয়েছে। সেখানে তুলে ধরা হয়েছে কিভাবে এ হোটেলটি সংস্কার হয়ে পরবর্তীতে আসবে।

হোটেলটির সংস্কারে অর্থের জোগান দেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড (বিএসএল)। সংস্কার কাজের জন্য সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে চারশ কোটি টাকা।

এ হোটেলটির সংস্কার কাজ শেষ হওয়ার কথা ২০১৬ সালের আগেই। আর ২০১৬ এর জানুয়ারিতে যাত্রা করার কথা রয়েছে ইন্টারকন্টিনেন্টালের। আজ সোমবার থেকে রূপসীবাংলার সংস্কার কাজ শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে হোটেলটির মালিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের (বিএসএল) সঙ্গে ইন্টারকন্টিনেন্টাল গ্রুপের চুক্তি হয়। এই চুক্তির আওতায় সংস্কারকাজ শুরু করা হচ্ছে। ২০১৩ সালের জুলাইয়ে এটির সংস্কার কার্যক্রম শুরু কথা থাকলেও টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের কারণে সেটি পিছিয়ে যায়।

রাজধানীর শাহবাগে প্রায় সাড়ে চার একর জমির ওপর অবস্থিত এই হোটেলটি ১৯৬৬ সালে চালু হয়। শুরু থেকে ১৯৮৩ সাল পর্যন্ত এটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিল ইন্টারকন্টিনেন্টাল। ১৯৮৪ সালে যুক্ত হয় শেরাটন হোটেল। ২০১১ সালের এপ্রিলে শেরাটন চলে যাওয়ার পর সরকারি উদ্যোগে 'রূপসী বাংলা' নামে পরিচালিত হয়ে আসছিল এটি।

    Blogger Comment
    Facebook Comment