জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। ভর্তি পরীক্ষা আগামী ১৭ থেকে ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে শিফট ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক শিফটের পরীক্ষার্থী কোনোভাবেই অন্য শিফটের পরীক্ষায় অংশ নিতে পারবে না। তবে যে সব পরীক্ষার্থী ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা প্রতি ইউনিটের পরীক্ষার সর্বশেষ শিফটে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীদের মাধ্যমিক / উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিতে হবে। বুধবার জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।
পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী
১৭ সেপ্টেম্বর ‘এ’ ইউনিট গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের পরীক্ষা,
১৮ সেপ্টেম্বর ‘ডি’ ইউনিট জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা,
২০ সেপ্টেম্বর ‘বি’ ইউনিট সমাজবিজ্ঞান অনুষদ ও ‘এইচ’ ইউনিট আইআইটির পরীক্ষা,
২১ সেপ্টেম্বর ‘ই’ ইউনিট বিজনেস স্টাডিজ অনুষদ ও ‘জি’ ইউনিট আইবিএ-জেইউ পরীক্ষা,
২২ সেপ্টেম্বর ‘সি’ ইউনিট কলা ও মানবিকী অনুষদের পরীক্ষা এবং
২৩ সেপ্টেম্বর ‘এফ’ ইউনিট আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে ক্যালকুলেটরসহ সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে বইপত্র, ব্যাগ, মোবাইল ফোন নিয়েও প্রবেশ করতে পারবেন না বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব ও ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলী নিষেধাজ্ঞার বিষয়ে বলেন, ‘ভর্তি পরীক্ষার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতি, নকলের প্রবণতা বন্ধের জন্য সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস বহন ও ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র এমনভাবে করা হয়েছে যেখানে ক্যালকুলেটর ব্যবহারের প্রয়োজন পড়বে না।’
এ ছাড়া বিস্তারিত শিফট ভিত্তিক সময়সূচি বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.juniv.edu/admission) পাওয়া যাবে।

Blogger Comment
Facebook Comment