সর্বশেষ খবর:

মোবাইলে ব্যাংকিং: একটির বেশি হিসাব নয়


মোবাইলে লেনদেনের জন্য একজন গ্রাহক সুনির্দিষ্ট একটি মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের অধীনে একটি ব্যাংক হিসাব বা সাবসিডিয়ারি খুলতে পারবেন।

 



বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ নির্দেশনা জানিয়ে বলা হয়, "যারা ইতোমধ্যে একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক হিসাব খুলেছেন তাদের একটি হিসাব সচল রেখে বাকিগুলো বন্ধ করে দেওয়া হবে।"

তবে মোবাইলে টাকা লেনদেনকারীরা ভিন্ন ভিন্ন সেবা প্রতিষ্ঠানের মাধ্যমে একাধিক হিসাব খুলতে পারবেন বলে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আমরা কেবল একটি ব্যাংক বা সাবসিডিয়ারিতে একাধিক মোবাইল ব্যাংকিং হিসাব খোলা বন্ধ করেছি।

"তবে কেউ চাইলেই আলাদা ব্যাংক বা সাবসিডিয়ারিতে একটি করে হিসাব খুলতে পারবে। এতে কোন বাধা নেই।”

তিনি আরো বলেন, “পরবর্তীতে আমরা যখন সবগুলো মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে ইন্টারঅপারেবেল (আন্তপরিচালন পদ্ধতি) করতে পারবো তখন প্রয়োজন হলে একাধিক প্রতিষ্ঠানে হিসাব খোলা বন্ধ করা হবে।”

পেমেন্ট সিস্টেম বিভাগ থেকে জারি করা ওই সাকুলারে বলা হয়, "সম্প্রতি অভিযোগ উঠেছে, এজেন্টরা নিজ নামে একাধিক গ্রাহক হিসাব খুলে নিবন্ধনহীন গ্রাহকদের পক্ষে লেনদেন করছেন। যা ব্যাংকগুলোর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস নীতিমালার পরিপন্থী এবং বিভিন্ন ধরনের অপরাধ সংগঠনে সহায়ক।

"নিবন্ধনহীন গ্রাহকের মাধ্যমে এ ধরনের লেনদেন সংগঠিত হলে এর সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয় না।"

সার্কুলারে জানান হয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ এবং জালিয়াতি রোধকল্পে গত বছর এক সার্কুলারের মাধ্যমে গ্রাহক হিসাবের ক্ষেত্রে দৈনিক ও মাসিক লেনদেনের সীমা নির্ধারণ করা হয়।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক প্রায় ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে।







    Blogger Comment
    Facebook Comment