সর্বশেষ খবর:

এবার সারাদেশে ‘সর্বনাশা ইয়াবা’


অবশেষে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে কাজী হায়াৎ পরিচালিত চলচ্চিত্র সর্বনাশা ইয়াবা। শুক্রবার (১৪ নভেম্বর) দেশের ৭৫টি প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি পাবে এই ছবিটি। এর আগে ২৬ সেপ্টেম্বর ভালুকার শাপলা প্রেক্ষাগৃহে একটি প্রদর্শনীর মাধ্যমে অনানুষ্ঠানিক মুক্তি পায় ছবিটি। একটি প্রদর্শনীর পর ছবিটি আর কোথাও প্রদর্শিত হয়নি।

গত ২৯ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল, তখন ছবিটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি হয়। প্রযোজক-পরিবেশক সমিতি থেকে ওই তারিখের অনুমোদন দেওয়া হয়নি। এরপর কাজী হায়াৎ উচ্চ আদালতের শরণাপন্ন হন। পরে উচ্চ আদালতের মধ্যস্থতায় প্রযোজক-পরিবেশক সমিতি ছবিটি মুক্তির জন্য ২৬ সেপ্টেম্বর তারিখটি নির্ধারণ করে দেন।

এ প্রসঙ্গে কাজী হায়াৎ বলেন, ‘২৯ আগস্ট ছিল ঈদের আগের সপ্তাহ। আমাকে ব্যবসায়িকভাবে লোকসানে ফেলার জন্য এই তারিখটি দেওয়া হয়েছিল। তার পরও প্রযোজক-পরিবেশক সমিতির সিদ্ধান্তের প্রতি সম্মান দিয়ে ছবিটি একটি প্রেক্ষাগৃহে, একটি প্রদর্শনীর জন্য মুক্তি দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘এবার আনুষ্ঠানিকভাবে ছবিটি সারাদেশে মুক্তি দিচ্ছি। এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় হল বুকিং হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৭৫টি হলে মুক্তি দেওয়ার ব্যাপারটি চূড়ান্ত হয়েছে। আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে একটা মহল ছবিটির মুক্তি নিয়ে জটিলতা তৈরি করেছিল। এবার সেই জটিলতা দূর হয়েছে।

ইয়াবার নেশায় আক্রান্ত ঐশির ঘটনাকে অবলম্বন করে ‍নির্মিত হয়েছে ‘সর্বনাশা ইয়াবা। কাজী হায়াৎ-এর পরিচালনায় এতে কাজী মারুফ অভিনয় করেছেন ডিবি অফিসারের চরিত্রে। সাংবাদিক চরিত্রে অভিনয় করেছেন প্রসূন আজাদ। এ ছবিটিতে আরও অভিনয় করেছেন নবাগত মেহমুদ, তমা, আশরাফ, ইমরুল, হাবিব খান ও কাজী হায়াৎ।
    Blogger Comment
    Facebook Comment