
সঙ্গীত শিল্পী ইমরানের ওপর বেজায় চটেছেন দেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীন। বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষে সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বলেও শেষ মুহূর্তে অংশ নেননি গায়ক ইমরান মাহমুদুল। তার এই ধরণের আচরণে অপমানিত হয়েছেন সাবিনা ইয়াসমীন। একই সাথে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তিনি।
সাবিনা ইয়াসমীন বলেন, গান গাইতে এসেছে এখনো দুদিন হয়নি। তার মতো একটা বাচ্চা ছেলের কাছ থেকে এ ধরনের আচরণ সত্যিই দুঃখজনক। আমি রীতিমতো অপমানিত হয়েছি। তার আচরণে ক্ষুব্ধ হয়েছি। ওর এই ঔদ্ধত্যপূর্ণ আচরণ সত্যিই ক্ষমার অযোগ্য। কী বলব বুঝে উঠতে পারছি না। গান গাইতে এসে অল্প কদিনের মধ্যেই যদি এমন আচরণ হয়, তাহলে তো তার ভবিষ্যৎ অন্ধকার দেখছি।
সাবিনা ইয়াসমীন বলেন, 'ইমরানের এ আচরণ অপেশাদার। বিটিভির এই অনুষ্ঠানের জন্য আমিই ঝিলিক, কোনাল ও ইমরানের নাম প্রস্তাব করি। এর মধ্যে অসুস্থ সত্ত্বেও ঝিলিক ও কোনাল অনুষ্ঠানের কাজ খুব ভালোভাবেই সম্পন্ন করেছে। ইমরান অসুস্থতার কথা বললেও শুনেছি সে মোটেও অসুস্থ ছিল না। সাবিনা ইয়াসমীন বলেন, একজন শিল্পীর জীবনে কমিটমেন্ট রক্ষা করাটা অনেক বেশি জরুরি।
বিটিভির সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশের বিশিষ্ট শিল্পীদের নিয়ে সাত দিনের অনুষ্ঠান নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এরই অংশ হিসেবে সাবিনা ইয়াসমীনের এই অনুষ্ঠান। ৬ ডিসেম্বর সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যাপারে ইমরান তাঁর সম্মতি জানিয়েছিলেন। কথা ছিল, সাবিনা ইয়াসমীনের একটি কালজয়ী দ্বৈত গানে কণ্ঠ দেবেন ঝিলিক ও ইমরান। ৯ তারিখ গানটি ধারণ করার তারিখও নির্ধারিত ছিল। যথাসময়ে ঝিলিক বিটিভির স্টুডিওতে হাজির হলেও একেবারে শেষ মুহূর্তে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে ইমরান সেখানে উপস্থিত হননি।
এদিকে এই অভিযোগ সরাসরি অস্বীকার করেননি ইমরান। তিনি বলেন, 'গানটি ধারণের দেড়-দুই ঘণ্টা আগে আমি বুঝতে পারি আমার কণ্ঠ গান গাওয়ার অবস্থায় নেই। আমি আমার অপারগতার কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিই। আমি তাঁদের অন্য একজন শিল্পীকে খুঁজে নেওয়ারও অনুরোধ করি।'
যেহেতু আমার গলা ভাঙা আমি তো গাইতেই পারবো না, সেহেতু আমি কিভাবে যাই?
তিনি বলেন, আমার বিকল্প হিসেবে অন্য মেল সিঙ্গারকে যেন কনফার্ম করা হয় এটা আমি তাদেরকে জানিয়ে দিয়েছিলাম। এরপরেও যদি তারা আমার বিরুদ্ধে অভিযোগ করে তাহলে আমার বলার কিছুই নেই।
ইমরান অবশ্য প্রথমে গান ধারণের এক দিন আগে অর্থাৎ ৮ ডিসেম্বর অপারগতা প্রকাশের কথা জানিয়েছিলেন। পরে আবার নিজে থেকেই ৯ ডিসেম্বরের কথা বলেন।
এদিকে সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মিত এ অনুষ্ঠানটির সমন্বয়কারী আরিফ খান বলেন, 'ইমরান কথা দিয়ে কথা রাখেনি। তার অপেশাদার আচরণের কথা অনেকের কাছ থেকেই শুনেছি। এবার নিজেই সেই আচরণের শিকার হলাম।'
Blogger Comment
Facebook Comment