সর্বশেষ খবর:

শিক্ষামন্ত্রী সমগ্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছেন : জোনায়েদ সাকি



গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, বাংলাদেশে সবাই এখন এ-প্লাস পায়। আপনারা (সরকার) বলছেন শিক্ষা ব্যবস্থার উন্নতি হচ্ছে। কিন্তু এই সরকারের শিক্ষামন্ত্রী সমগ্র শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছেন। পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে। একদল প্রশ্ন সংগ্রহ করছে, আরেক দল পড়াশোনা করছে। যারা পড়াশোনা করছে তাদের মূল্যায়ন হচ্ছে না। আজ শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাসবিরোধী ছাত্র সমাবেশে এসব কথা বলেন সাকি। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈকত মল্লিক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি মিজান রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সভাপতি মনোয়ার হোসেন মাসুদ প্রমুখ। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, একদল গণতন্ত্র রক্ষার নামে বিরোধীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিচ্ছে, অপর দল গণতন্ত্র পুনরুদ্ধারের নামে বাসে পেট্রোলবোমা মেরে মানুষ হত্যা করছে। এই সঙ্কট থেকে উত্তরণের কোন নিশানা আমরা দেখছি না। জোনায়েদ সাকি বলেন, সরকার উন্নয়নের কথা বলে ক্ষমতায় টিকে থাকতে বিএনপিকে দমন করার চেষ্টা করছে। আর বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে সহিংস আন্দোলন করে যাচ্ছে। যার খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি নিজেকে সকল উন্নয়নের কাণ্ডারি ঘোষণা দিয়ে বলছেন, নির্বাচনের কোনো প্রয়োজন নেই। আপনাকে বলতে চাই, আপনার কাছে যেটা সাফল্য অন্যের কাছে তা সর্বনাশ। আপনার মন্ত্রীরা যখন ব্যাংক লুট করে, শেয়ার বাজার লুট করে তখন সাধারণ মানুষের পকেট শূন্য হয়। কাজেই উন্নয়নের বড়াই করবেন না। সাকি বলেন, ৫ জানুয়ারি বিএনপিকে সমাবেশ করতে দিলে ব্যাপক সহিংসতা হতো এমন তথ্য আপনাদের গোয়েন্দা সংস্থা দিয়েছিল। কিন্তু সমাবেশ করতে না দিলে দেশে লাগাতার অবরোধ ও সহিংসতা সৃষ্টি হবে এই তথ্য কি তাদের জানা ছিল না? যদি না জানা থাকে তাহলে গোয়েন্দা সংস্থার সব তথ্য ভুয়া।
    Blogger Comment
    Facebook Comment