সর্বশেষ খবর:

রোববার ১৮ জেলায় হরতাল


২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধের ১২তম দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশে যানবাহনে আগুন, ভাঙচুর ও বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। লাগাতার হরতালের পরও আগামীকাল ১৮ জেলায় হরতালের ডাক দিয়েছে বিএনপি এবং ছাত্রশিবির।

খুলনার ৩ উপজেলায় হরতাল

খুলনার তিন উপজেলায় (কয়রা, পাইকগাছা ও দাকোপ) সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে ছাত্রশিবির।

রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হরতাল চলবে বলে খুলনা জেলা শিবিরের প্রচার সম্পাদক মাসুম বিল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সন্ধ্যায় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে খুলনা দক্ষিণ জেলা ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ আয়ুব আলীসহ শিবিরের ৩ কর্মীকে কয়রা উপজেলা সদরের একটি বাসা থেকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।

রাজশাহী বিভাগের ৮ জেলায় ৩৬ ঘণ্টার হরতাল

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে রোববার সকাল ছয়টা থেকে রাজশাহী বিভাগের আট জেলায় ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি।

শনিবার বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হারুন-অর-রশিদ সাংবাদিকদের এ হরতাল কর্মসূচির তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে শিবগঞ্জের কানসাটে বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা মতিউর রহমান এম (৩০) নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করেছে র‌্যাব।


গাইবান্ধায় হরতালের ডাক দিয়েছে ২০ দলীয় জোট

রোববার গাইবান্ধা জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট। একইদিনে পলাশবাড়ী উপজেলায় জনসভার ঘোষণা দিয়েছে ১৪ দলীয় জোট।

দুই জোটের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তেজনা বিরাজ করছে সর্বত্র। এ কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জেলা বিএনপির সভাপতি জানান, খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখা ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করা হয়েছে।

পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জানান, উপজেলা ১৪ দলের উদ্যোগে রোববার বিকেল ৩টায় পলাশবাড়ী এসএম হাইস্কুল মাঠে নাশকতা ও সন্ত্রাসবিরোধী এক জনসভার আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পাল্টাপাল্টি কর্মসূচি চলাকালে যেকোনো ধরনের সহিংসতা এড়াতে সব ধরণের প্রস্তুতি নেওয়া হবে।


নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতাল

রোববার নোয়াখালীতে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি শাহজাহানসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি এবং সোনাইমুড়ীতে ছাত্রদলকর্মী মোরশেদ আলম পারভেজ হত্যার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে বিএনপি।

১১ জানুয়ারি রাতে ঢাকার গুলশান-২ নম্বর এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি শাহজাহানকে আটক করে র‌্যাব।

১৫ জানুয়ারি রাত ১১টার দিকে জেলার সোনাইমুড়ী উপজেলার সোনাপুরে সন্ত্রাসীদের গুলিতে ছাত্রদল কর্মী মোরশেদ আলম পারভেজ নিহত হয়।

বরিশাল বিভাগের ৬ জেলায় হরতাল

বরিশাল বিভাগে রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ এবং ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২০দলের নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে দলটি।

বরিশাল ছাড়া বিভাগের অন্য পাঁচ জেলা হচ্ছে ঝালকাঠী, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা ও ভোলা।

জিয়া উদ্দিন সিকদার জানান, শুক্রবার সন্ধ্যায় বরিশাল বিভাগীয় ২০দলের আহ্বায়ক ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি মজিবুর রহমান সরোয়ারের সভাপতিত্বে জোটের নেতাদের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।


কুমিল্লায় সকাল-সন্ধ্যা হরতাল

কুমিল্লায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। কুমিল্লায় বিএনপি নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগের হামলা, নেতা-কর্মীদের নামে মামলা এবং বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে হরতালের ডাক দিয়েছে দলটি।

শুক্রবার বিকেলে মহানগরীতে ২০ দলের বিক্ষোভ মিছিল শেষে হরতালের ঘোষণা দেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

হরতালের আওতাভুক্ত উপজেলাগুলো হচ্ছে-কুমিল্লা সদর, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, লাকসাম, মনোহরগঞ্জ, বরুড়া, বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বলেন, বৃহস্পতিবার শান্তিপূর্ণ হরতাল পালন কালে কুমিল্লায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা আমাদের ওপর হামলা করে নেতা-কর্মীদের গুরুতর আহত করে। এ ছাড়াও হামলার সময়ে ভিডিও চিত্র ধারণ করার সময়ে সাংবাদিক ভেবে জেলা গোয়েন্দা পুলিশের কামরুল হাসান নামে এক কনস্টেবলকে কুপিয়ে আহত করে। অথচ ওই ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ২০ দলের নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা করেছে।


রাজবাড়ীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে রাজবাড়ীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি।

শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী রেলগেট সংলগ্ন মুক্তিযোদ্ধা শহীদ স্মৃতি ফলক চত্বরে আয়োজিত সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

সমাবেশ থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মুক্তি’, সারাদেশে বিএনপির গণতান্ত্রিক কর্মসূচিতে সরকারের নিষেধাজ্ঞা, মামলা, নির্যাতন ও নেতাকর্মীদের গ্রেফতার বন্ধ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি করা হয়। পরে, এসব দাবিতে রাজবাড়ীতে সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপির নেতারা।
    Blogger Comment
    Facebook Comment