জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) র্যাগিংয়ের (পরিচয়ের নামে শারীরিক ও মানসিক নির্যাতন) শিকার হয়ে প্রথম বর্ষের দুই শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুরে নতুন কলা ভবন ও সমাজ বিজ্ঞান অনুষদে এ ঘটনা ঘটে।
জানা গেছে, র্যাগিংয়ের শিকার মো. ইশতিয়াক খান ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৪তম ব্যাচের শিক্ষার্থী। তিনি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম কামাল উদ্দিন হলের আবাসিক ছাত্র। অন্য শিক্ষার্থী হলেন, একই ব্যাচের বাংলা বিভাগের মাসুদ রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হলের আবাসিক ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সূত্রে জানা যায়, সকালে নতুন কলা ভবনে ক্লাসের ফাঁকে সিনিয়রদের দ্বারা অতিরিক্ত মানসিক নির্যাতনের কারণে অজ্ঞান হয়ে পড়েন বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মাসুদ রানা। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদে ভূগোল ও পরিবেশ বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মো. ইশতিয়াক খান ও সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হন।
পরে সহপাঠীরা অসুস্থ অবস্থায় তাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসেন। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. শ্যামল কুমার শীল সাংবাদিকদের বলেন, ‘অতিরিক্ত মানসিক নির্যাতনের কারণে দু’জনই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েন। একাধিকবার বমিও করেছেন তারা। গুরুতর হওয়ায় সাভারের এনাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তপন কুমার সাহা ‘ক্যাম্পাসলাইভ’কে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বলেন, ‘বিষয়টির ব্যাপারে এ্যাসিসটেন্ট প্রক্টর মেহেদী ভাল বলতে পারবে। ইশতিয়াকের নাকি আগের থেকেই মৃগী রোগ ছিল। আর মাসুদের ব্যাপারে জানি না। খোজ নিতে বলছি।’
এব্যাপারে এ্যাসিটেন্ট প্রক্টর মেহেদী ইকবাল ‘ক্যাম্পাসলাইভ’কে সন্ধ্যা পৌনে ৮টার দিকে বলেন মাসুদকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে শুনেছি। কিন্তু সে হাসপাতালের কোথায় আছে তা এখনো জানতে পারিনি। আর ইশতিয়াক আগের থেকেই অসুস্থ ছিল। তিনি র্যাগের বিষয়টি নিশ্চিত নন বলে জানান।
প্রসঙ্গত, ২৮ মার্চ হতে ২০১৪-১৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়।
সূত্র ঃ ক্যাম্পাসলাইভ২৪

Blogger Comment
Facebook Comment