ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সই জাল করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ছাত্র ভর্তির চেষ্টার অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ বিশ্ববিদ্যালয়ের তিনজন ছাত্রকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন সংগীত বিভাগের মাস্টার্সের ছাত্র দেবাশীষ শিকদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের মাস্টার্সের ছাত্র মো. আবু দাউদ ও আরবি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মাহমুদুল হাসান। তাঁদের মধ্যে দেবাশীষ শিকদার বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার স্কুল ছাত্রবিষয়ক সম্পাদক। তাঁকে ছাত্রলীগ থেকেও বহিষ্কার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অসদুপায় অবলম্বন করায় তাঁদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রক্টরিয়াল বিধি ৫ (২) ধারা অনুযায়ী সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।’ তাঁদের এ ঘটনায় জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী বলেন, গতকাল বুধবার ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণিতে দুজন শিক্ষার্থীর ভর্তির জন্য সুপারিশ নিয়ে যায় দেবাশীষ শিকদার। ওই সুপারিশে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের স্বাক্ষর ছিল। বিষয়টি সন্দেহ হলে স্কুলের অধ্যক্ষ খোঁজ নিয়ে জানতে পারেন, এই স্বাক্ষর নকল। পরে পুলিশে খবর দিয়ে দেবাশীষ এবং দুই শিক্ষার্থীর অভিভাবক কাইয়ুম রহমান, মিরাজ আহমেদ ও তাসলিমা ফাতেমাকে ধরিয়ে দেওয়া হয়।
শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম ভূঁইয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Blogger Comment
Facebook Comment