দীর্ঘ গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ে বিচ্ছেদের কথা স্বীকার করলেন জনপ্রিয় অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ। মডেল-অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে তার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘সম্প্রতি আমাদের আইনি প্রক্রিয়ায় বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। মূলত মতানৈক্যের জের ধরেই প্রায় সাড়ে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছি। শিমুলের সঙ্গে দীর্ঘদিন আমার নানা বিষয় নিয়ে ঝামেলা চলছিল। অবশেষে আমরা সমঝোতার মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্ত নেই।’
শিমুল-নাদিয়া ২০০৩ সালে পরস্পরের প্রেমে পড়েন। দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে তারা বিয়ে করেন। তবে ২০১৪ সালের মাঝামাঝিতে তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। কিন্তু গণমাধ্যমের কাছে বরাবরই তা গোপন রেখেছেন। অবশেষে হাটে হাঁড়ি ভাঙলেন নাদিয়া নিজেই। তিনি আরো বলেন, ‘বছর দুয়েক আগে থেকেই শিমুলের সঙ্গে আমার বনিবনা হচ্ছিল না। এ কারণে কিছুদিন আমি আলাদাও থেকেছি। কিন্তু ভালোবাসার টানে আবারো শিমুলের কাছে ফিরে এলেও আমাদের সম্পর্কের কোনো উন্নতি ঘটেনি। তাই বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্তটি নিতে হয়েছে।’ বিচ্ছেদের খবরটি এতদিন গোপন রাখার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘বিয়ে বিচ্ছেদ খুবই স্পর্শকাতর একটি বিষয়। তাই আমি চাইনি, এ নিয়ে খবর প্রকাশিত হোক।’ এদিকে এ বিষয়ে শিমুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

Blogger Comment
Facebook Comment