সর্বশেষ খবর:

স্টিমারের টিকিট ১ মে থেকে অনলাইনে

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) যাত্রীবাহী ছয়টি স্টিমারের টিকিট ১ মে থেকে অনলাইনে পাওয়া যাবে।

রোববার নৌ-পরিবহন মন্ত্রণালয়ে বিআইডব্লিউটিসি ও অনলাইন প্রতিষ্ঠান সহজ লিমিটেডের মধ্যে স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চুক্তিতে এ সিদ্ধান্ত হয়।

বিআইডব্লিউটিসি’র সচিব ফজলুল করিম এবং সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির এ চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী বিআইডব্লিউটিসি’র আওতাধীন এমভি বাঙালি, পিএস মাহসুদ, পিএস অস্ট্রিচ, পিএস লেপচা, পিএস টার্ন এবং এমভি সেলা জাহাজের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ৭৪টি কেবিন এবং তৃতীয় শ্রেণীর সব টিকিট অনলাইনে বিক্রি করতে পারবে সহজ লিমিটেড। তবে ভিআইপি কেবিনের টিকিট বিক্রির ভার বিআইডব্লিউটিসি’র উপর ন্যস্ত থাকবে।

www.shohoz.com এ লগ ইন করে এবং ১৬৩৭৪ নম্বরে কল করে হোম সার্ভিসের মাধ্যমে টিকেট পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত নৌমন্ত্রী শাজাহান খান বলেন, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কেবিনসহ সুলভ শ্রেণীর টিকিট যাত্রার পাঁচ দিন আগে থেকে বিক্রি করা হবে। ওয়েবসাইট থেকে টিকেট সংগ্রহের জন্য সার্ভিস চার্জ হিসেবে অতিরিক্ত ২১ টাকা এবং হোম ডেলিভারির জন্য ৫০ টাকা নেবে সহজ লিমিটেড।

তিনি জানান, ই-টিকিটিংয়ের ফলে লাইনে দাঁড়িয়ে হয়রানি ও কালোবাজারি থেকে যাত্রীরা রেহাই পাবে। পর্যায়ক্রমে বেসরকারি খাতেও ই-টিকিটিং চালু করার আশা প্রকাশ করেন মন্ত্রী।

সহজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির বলেন, অনলাইনে স্টিমারের টিকিট সরবরাহের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার একটি অংশ হতে পেরে আমরা গর্বিত।

তিনি আরও জানান, সহজ লিমিটেড নিরাপত্তা জামানত হিসেবে বিআইডব্লিউটিসিকে পাঁচলাখ টাকার ব্যাংক গ্যারান্টি প্রদান করবে। প্রতি সপ্তাহ শেষে টিকিট বিক্রির সম্পূর্ণ অর্থ বিআইডব্লিউটিসি’র খাতে জমা করা হবে।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌ সচিব শফিক আলম মেহেদী ও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মিজানুর রহমান।
    Blogger Comment
    Facebook Comment