সর্বশেষ খবর:

সাকিবের শাস্তি কমছে!

বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তি কমানোর ঈঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
সোমবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে ইফতার পূর্ব সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ ঈঙ্গিত দেন।

পাপন বলেন, ‘সাকিবের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিংয়ে। তাই ঈদের পর তার শাস্তি কমানোর বিষয়ে বোর্ড মিটিং করে সিদ্ধান্ত হবে। অবশ্য আমি বোর্ডের সভাপতি হিসেবে একাই সিদ্ধান্ত নিতে পারতাম। কিন্তু আমি চাই বোর্ডের সবাইকে নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে।’
তিনি বলেন, ‘সাকিবের শাস্তি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত সাকিব যে আচরণ করেছে তাতে ব্যক্তিগতভাবে আমি খুবেই খুশি। শাস্তি কমানোর বিষয়ে সাকিবের চিঠি পড়েও আমি অনেক খুশি হয়েছি। কারণ সে অনেক সুন্দর করে চিঠিটি লিখেছে।’

এসময় তিনি সাকিবের শাস্তি কমানোর ঈঙ্গিত দিয়ে বলেন, ‘সামনের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তার শাস্তি কমানোর সম্ভাবনা নেই। তবে জিম্বাবুয়ে সফরের আগে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে। বোর্ড কখনো চায় না যে, সাকিবের মতো সুপারস্টারকে শাস্তি দিতে।’
পাপন বলেন, ‘সাকিবের আচরণের কিছু সমস্যা ছিল। তার জন্য শুরু থেকেই তাকে মৌখিক সতর্ক ছাড়াও আর্থিক জড়িমানার সঙ্গে ও তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে বড় শাস্তি আর কী হতে পারে? তারপরও সে যখন নিজেকে পরিবর্তন করতে পারেনি তখনই বিসিবি তার বিরুদ্ধে এতো বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।’

 দুই সপ্তাহ ভালো ব্যবহার করলে সে কি ভালো হয়ে গেছে? এমন প্রশ্নে বিসিবি সভাপতি বলেন, ‘শাস্তির পর থেকে এখন পর্যন্ত সে ভালো ব্যবহার করেছে। এতে আমি ব্যক্তিগতভাবে খুশি। তবে দুই সপ্তাহ দেখেই বিশ্বাস করা ঠিক হবে না। আরো কিছুদিন দেখতে হবে।’

    Blogger Comment
    Facebook Comment