সর্বশেষ খবর:

সমাজকল্যাণমন্ত্রীর অপসারণে হেফাজতের আলটিমেটাম

আগামী মঙ্গলবারের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীকে মন্ত্রী পরিষদ থেকে অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া না হলে পরদিন বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম ও ওলামা পরিষদ।

মন্ত্রী মহসিন আলী নারীদের হিজাব তথা বোরকা পরা নিয়ে মন্তব্য করার প্রতিবাদে এ দাবি জানানো হয়।

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসার সামনে স্থানীয় ডাকবাংলো চত্বরে ওলামা পরিষদের এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন পরিষদের উপদেষ্টা ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

গত বৃহস্পতিবার মন্ত্রী মহসিন আলী একটি অনুষ্ঠানে বক্তব্যে হিজাব কিংবা বোরকা পড়ে স্কুল-কলেজে না যাওয়ার জন্য নারী শিক্ষাথীদের পরামর্শ দেন। তার এ বক্তব্যে ক্ষুব্ধ হন হেফাজতে ইসলাম ও ওলামা পরিষদ নেতারা।

সমাবেশে মাওলানা রুহী বর্তমান মহাজোট সরকারের পাঁচ মন্ত্রী-এমপিকে 'নাস্তিক-মুরতাদ' হিসেবে আখ্যায়িত করেন।

তারা হলেন-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সমাজকল্যাণমন্ত্রী মহসিন আলী, বেসরকারি বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন ও এমপি মাঈনুদ্দিন খান বাদল।

সমাবেশে বক্তব্য রাখেন হাটহাজারী পৌরসভা হেফাজত আমির মীর ইদ্রিছ, পৌরসভা ওলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ নদভী, ওলামা পরিষদ নেতা জাহাঙ্গীর আলম মেহেদী প্রমূখ।


    Blogger Comment
    Facebook Comment