সর্বশেষ খবর:

বাংলাদেশের ম্যাচ আসলে কবে?

আইসিসির ফিকশ্চারে এ মুহূর্তে চার কোয়ার্টার ফাইনালের মাত্র একটির দুই প্রতিপক্ষ চূড়ান্ত—১৯ মার্চ মেলবোর্নে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড—একই সঙ্গে তিন দলের ভাগ্য সুতোয় ঝুলে যাওয়ায় বাকি তিন কোয়ার্টার ফাইনালের তিনটি দলের নাম চূড়ান্ত হয়নি এখনো। তবে চার কোয়ার্টার ফাইনালের ভেন্যু নির্ধারিত আগে থেকেই। ফিকশ্চার বলছে, ২১ মার্চ ওয়েলিংটনে চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ‘এ ৪ বনাম বি ১’। সে হিসেবে বাংলাদেশের (এ ৪) ম্যাচ ওয়েলিংটনে হওয়ার কথা, মেলবোর্নে কেন?

এই প্রশ্ন বাংলাদেশের অনেকের। আসলে দুই স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে সুবিধা দিতে গিয়েই এ ‘ধন্ধ’ তৈরি হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড নিজের দেশে খেলবে এই নিশ্চয়তা আইসিসি আগেই দিয়েছে। সঙ্গে বিশ্বকাপের আগে প্রকাশিত র‍্যাঙ্কিং অনুসারে গ্রুপ ‘এ’র অন্য দুটি শীর্ষ দল শ্রীলঙ্কা ও ইংল্যান্ডকেও কোয়ার্টার ফাইনাল ভেন্যু বলে দিয়েছিল আইসিসি। কথা হলো, এখানে ‘বি’ গ্রুপের হিসাব আনা হয়নি কেন? আইসিসি কেবল স্বাগতিকদের গ্রুপটি হিসাবে এনেছে। ‘বি’ গ্রুপের নয়। আর দুটি স্বাগতিক দলই খেলেছে ‘এ’ গ্রুপে।

দুই স্বাগতিক এবং শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ভেন্যু ও তারিখ আগেই চূড়ান্ত হওয়ায় জানা গিয়েছিল শ্রীলঙ্কা ১৮ মার্চ সিডনিতে, ইংল্যান্ড ১৯ মার্চ মেলবোর্নে, অস্ট্রেলিয়া ২০ মার্চ অ্যাডিলেডে ও নিউজিল্যান্ড ২১ মার্চ ওয়েলিংটনে কোয়ার্টার ফাইনাল খেলবে। এখানে ইংল্যান্ডকে হটিয়ে কোয়ার্টার ফাইনালে চলে গিয়েছে বাংলাদেশ। এর ফলে মাশরাফিদের খেলা মেলবোর্নেই। এর সঙ্গে গ্রুপে চতুর্থ হওয়ার কোনো সম্পর্ক নেই। অবশ্য ভেন্যু পাল্টালেও প্রতিপক্ষ ঠিকই থাকছে।
স্বাগতিক হওয়ার সুবিধা থাকছে সেমিফাইনালেও। নিউজিল্যান্ড যদি সেমিফাইনালে চলে যায়, তবে তাদের প্রতিপক্ষকে খেলতে যেতে হবে অকল্যান্ডে। একইভাবে অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠলে তাদের প্রতিপক্ষকেও খেলতে হবে সিডনিতে। কিন্তু অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড দুই দলই যদি বাদ পড়ে যায় শেষ আট থেকে তবে ভেন্যু জটিলতা আর থাকলই না।

    Blogger Comment
    Facebook Comment