সর্বশেষ খবর:

আত্নবিশ্বাসী তামান্নার চমক

সম্ভবত সেটা ২০১২ সালের কথা। এসএসসির ছাত্রী তামান্না। শখের বশে অংশ নেন লাক্স চ্যানেল আই প্রতিযোগিতায়। পরিপূর্ণতার অভাব স্পষ্ট। যথারীতি বেশিদূর এগোতে পারলেন না, ছিটকে গেলেন।

আর এই পরাজয়টাই জেদ তৈরি করে ফেলে তামান্নার মনে। শোবিজ জগতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে তো হবেই, তা ছাড়া ঢালিউডেও একজন সফল অভিনেত্রী হবেন। স্বপ্নের মতো কথাগুলো এখন বাস্তবেই বিচরণ করছে।

পুরো নাম ‘তামান্না তিফ শুদ্ধতা’ শোবিজের ক্যারিয়ার শুরু করেন একটা বিজ্ঞাপনচিত্র দিয়ে, এরপরে ফ্যাশন হাউজের মডেল, র‌্যাম্পে হাঁটা। এবার তামান্না আত্মপ্রকাশ করতে যাচ্ছেন চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে।

ঢাকাই ছবির গতানুগতিক ধারার চলচ্চিত্রের বাইরে একটি মানসম্মত চলচ্চিত্র তৈরি করতে চাচ্ছিলেন পরিচালক কাশেম মণ্ডল। ভিন্নধর্মী এই চিত্রনাট্যের সাথে যায় এমনই একটি নায়িকা চরিত্র খুঁজছিলেন তিনি। তামান্নার সাথে দেখা হয়ে যাওয়ার প্রথম দিনই তামান্নাকে নির্বাচিত করে ফেলেন পরিচালক। শুধু এটাই নয় পরদিনই ছবির মহরত হয়ে যায়।

তামান্নার কাছে এটা চমকই বটে। ‘একটু চাওয়া’ নামের এই চলচ্চিত্রটি প্রযোজনা করছে টেন-স্টার ফিল্ম। আর তামান্নার সহ-অভিনেতা হিসেবে রয়েছেন রাতুল। রাতুলও চলচ্চিত্রে নতুন। এ ছবিটির প্রযোজক জহিরুল হক।

চলচ্চিত্রটিতে আরো অভিনয় করবেন নিলয় রহমান, কাজী হায়াত, সুব্রত, সিরাজ হায়দার, রেহানা জলি, রেবেকা, শিবা শানু ও ডনসহ আরও অনেকে। এ ছবির সংগীত পরিচালনা করছেন আজিজুর রহমান বাবলু।

তামান্না জানান, ”আমি অনেক আত্মবিশ্বাসী একটা মেয়ে। চলচ্চিত্র জগতে আমি সর্বোচ্চ ভালোটুকু করতে চাই, আমার বিশ্বাস আমি পারবো কেন না আমার পরিবারের পূর্ণ সমর্থন রয়েছে আমার কাজে।”

‘একটু চাওয়া’ ছবি সম্পর্কে তিনি বলেন, ”ছবিটি আর দশটা বাংলা চলচ্চিত্রের গল্পের মতো নয়। ইতিমধ্যে ছবির প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে। ছবিটি মুক্তি পেলেই দর্শকরা বুঝবেন কেমন হয়েছে।”
    Blogger Comment
    Facebook Comment