সর্বশেষ খবর:

ডাক্তারকে ৮ ঘণ্টা ধরে পিটিয়ে রক্তাক্ত করলো ছাত্রলীগ!



ছাত্রলীগের অনুমতি ‍ছাড়া কাজে যোগ দেওয়ায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. হারুন উর রশিদকে ৮ ঘণ্টা পিটিয়ে আহত করেছে কলেজ ছাত্রলীগের সভাপতি উৎপল দাস এমন অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১১ মে) দিনগত রাত সোয়া ৯টার দিকে ডা. হারুন উর রশিদ বাংলানিউজকে এ অভিযোগ করেন।

এদিন হাসপাতালে তার প্রথম কর্মদিবস ছিল।

হারুন জানান, সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগের ১০১ নম্বর কক্ষে দায়িত্ব পালনের সময় উৎপল দাস ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শাওন দাসসহ প্রায় ১০ থেকে ১২ জন তাকে টেনে হিঁচড়ে টর্চার সেল খ্যাত ইন্টার্ন হোস্টেলে নিয়ে যায়। এরপর নীচতলার একটি কক্ষে আটকে রেখে প্রায় ৮ ঘণ্টা যাবৎ টানা মারধর করে।


রাত ৮টার দিকে তাকে কক্ষ থেকে বের করে হোস্টেলের বাইরে ফেলে দিলে সহকর্মীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে, জানান হারুন।

এর কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এর আগে বিভিন্ন মাধ্যমে বেশ কয়েক বার টাকা দাবি করেছিল উৎপল দাস। টাকা না দিয়েই কাজে যোগ দেওয়ায় পিটুনি খেতে হয়েছে। নির্যাতন করার সময় উৎপল বলে, ‘কার কাছে অনুমতি নিয়ে কাজে যোগ দিয়েছিস’।

বর্তমানে হারুন হাসপাতালের জরুরি বিভাগ পর্যবেক্ষণ কক্ষে চিকিৎসাধীন রয়েছেন।

কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্প‍াদক সিদ্দিকী নাজমুল বাংলানিউজকে জানান, এমন অভিযোগ আমাদের কাছে আসেনি। যদি সত্যিই এমন ঘটনা ঘটে থেকে তবে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উৎসঃ বাংলানিউজ
    Blogger Comment
    Facebook Comment