অনন্ত হত্যায় সরকার জড়িত জয়ের বক্তব্যে এমনই সন্দেহ ইমরান এইচ সরকারের
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্যে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডে সরকারের জড়িত থাকার সন্দেহ আরও বাড়ছে। এখন আসামিদের গ্রেপ্তার করে সরকারকেই প্রমাণ করতে হবে তারা জড়িত নয়।
বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে সিলেটের ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যার প্রতিবাদে মশাল মিছিলপূর্ব সমাবেশে তিনি এই অভিযাগ করেন।
ইমরান বলেন, ব্লগার বিজয় শুধু মৌলবাদীদের বিরুদ্ধে লেখেননি, তিনি সিলেটের দুর্বৃত্ত সরকারদলীয় এমপির বিরুদ্ধেও লিখেছেন। প্রধানমন্ত্রীকে কেউ কটূক্তি করলে তাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। তাহলে খুনিরা ফেসবুকে স্ট্যাটাস দিলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না কেন?
তিনি বলেন, সরকার এবং গোয়েন্দা বিভাগের একাংশের মদদ ছাড়া এই হত্যাকাণ্ড সম্ভব নয়।
প্রসঙ্গত, অভিজিৎ রায়ের হত্যাকাণ্ড নিয়ে তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার অভিযোগের প্রতিক্রিয়া জানতে বার্তা সংস্থা রয়টার্স কথা বলেছিল প্রধানমন্ত্রীপুত্র জয়ের সঙ্গে। তখন জয় বলেছিলেন, বাংলাদেশের পরিস্থিতি তার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য এতটাই নাজুক যে প্রকাশ্যে তার কিছু বলা স্পর্শকাতর ছিল, তাই তিনি ব্যক্তিগতভাবে অভিজিতের বাবাকে সহমর্মিতা জানিয়েছিলেন। জয় বলেছিলেন, “অভিজিৎ একজন ঘোষিত নাস্তিক ছিলেন। আমরা (আওয়ামী লীগ) নাস্তিক হিসেবে পরিচিত হতে চাই না। তবে এতে আমাদের মূল আদর্শের কোনো বিচ্যুতি হবে না। আমরা অসাম্প্রদায়িতায় বিশ্বাসী।”

Blogger Comment
Facebook Comment