সর্বশেষ খবর:

ছাত্রলীগের কর্মসূচিতে না গেলে শিবির বানিয়ে হলচ্যুত!

নিয়মিত ছাত্রলীগের কর্মসূচিতে না গেলে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ দিয়ে হলচ্যুত করা হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে হুমকি দিয়েছেন। এমন অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ছাত্রলীগ সভাপতি খালেদা আহসানের বিরুদ্ধে।

জানা গেছে, ভূক্তভোগী ওই ছাত্রীর নাম মিতু। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের প্রথম বর্ষের ছাত্রী।

মঙ্গলবার রাতে ভূক্তভোগী ওই ছাত্রীর মামা এমন অভিযোগ করেছেন। তিনি জানান, এ ধরনের হুমকির পর সে হলে থাকলেও খুব আতঙ্কে আছে।

সূত্র জানায়, গতকাল সোমবার হল প্রভোস্টের অনুমতি নিয়ে হলে ওঠেন মিতু নামের ওই ছাত্রী। মঙ্গলবার সকালে ওই ছাত্রীকে ডেকে আনেন হল সভাপতি খালেদা আহসান। এসময় তিনি ওই ছাত্রীকে ছাত্রলীগের রাজনীতি করার প্রস্তাব দেন এবং ছাত্রলীগ না করলে শিবির অভিযোগ দিয়ে হল থেকে বের করে দেয়ার হুমকি দেন।

ছাত্রলীগ সভাপতি ওই ছাত্রীকে বিকেল পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। এর মধ্যে তাকে যে কোন সিদ্ধান্তের কথা জানাতে বলেন। এ ঘটনায় ওই ছাত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি হল প্রভোস্টকে জানান। পরে হল প্রভোস্ট তাকে একটি লিখিত অভিযোগ করার কথা বলেন। পরে তিনি হল প্রভোস্টের বরাবর লিখিত অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে হল শাখা ছাত্রলীগের সভাপতি খালেদা আহসানের মোবাইলে বারবার কল করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

জানতে চাইলে হল প্রভোস্ট অধ্যাপক নিলুফার নাহার বলেন, ঘরের জিনিস ঘরেই রাখতে হয়। বাইরে গেলেই তা তিল থেকে তাল হয়ে যায়। এ ধরনের ঘটনা যদি ঘটেও থাকে তাহলে তা প্রভোস্টের অফিসেই থাকবে, বাইরে যাবে না।

তবে ছাত্রীর বিষয়ে অস্বীকার করে এ বিষয়ে কিছুই জানেন না উল্লেখ করে তিনি বলেন, এ সম্পর্কে আমার কাছে কোন সংবাদ নেই। আই হ্যাভ নো আইডিয়া। আমি কিছু জানিনা।

Source : বাংলামেইল২৪ডটকম
    Blogger Comment
    Facebook Comment