একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীম ফুসফুসের ক্যান্সারজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বিএসএমএমইউ চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মুজিব ভুইয়া আলীমের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার দুপুর ১টা ১৫ মিনিটে মারা যান তিনি।
এদিকে শনিবার বাদ মাগরীব বনানী মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি জয়পুরহাট নিয়ে যাওয়া হবে।
এর আগে গত মঙ্গলবার থেকে শারীরিক অসুস্থতার জন্য কেন্দ্রীয় কারাগারের প্রিজন সেলে প্রাথমিকভাবে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। পরে তাকে বঙ্গবন্ধু মেডিকেলে হস্তান্তর করা হয়।
জেল সুপার ফরমান আলী বাংলামেইলকে বলেন, ‘আব্দুল আলীমের ডান ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে পড়ায় জটিল আকার ধারণ করে। ফলে সংশ্লিষ্ট ডাক্তারের পরামর্শে গত মঙ্গলবার তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়।’
উল্লেখ্য, একাত্তরের মানবতাবিরোধী অপরাধের কারণে ২০১৩ সালের ৯ অক্টোবর সাবেক চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আব্দুল আলীমকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন।

Blogger Comment
Facebook Comment