সর্বশেষ খবর:

ঢাবিতে ভর্তি পরীক্ষা: জালিয়াত চক্র শনাক্ত, আটক ৩০


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বন করতে গিয়ে বিশাল একটি চক্র ধরা পড়েছে। ওই চক্রের সদস্যরা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় বিশাল এক নেটওয়ার্ক গড়ে তুলেছে।

ঢাবিতে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের সদস্যরা সজাগ দৃষ্টি রাখেন। এছাড়া নানা কৌশল অবলম্বন করে জালিয়াতকারীদের আটকের ফাঁদ পাতেন।

বৃহস্পতিবার রাতেই মোবাইলে কথোপকথনের সূত্র ধরে বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকা থেকে ১২জনকে আটক করা হয়। তাদের র‌্যাব অফিস ও শাহবাগ থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় চক্রের মূল ৩জন হোতাকেও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‌্যাবের একটি সূত্র।

তাদের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই ঢাবিসহ রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সতর্ক দৃষ্টি রাখা হয়। এব্যাপারে স্ব স্ব কেন্দ্রেও বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়। সকালে রাজধানীর বিভিন্ন কেন্দ্র থেকে আটক করা হয় আরো প্রায় ১৮জনকে। তারা অসদুপায় ও জালিয়াতির অভিযোগে অভিযুক্ত বলে জানা গেছে। আটককৃতদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির অফিসে নিয়ে আসা হচ্ছে। আটকের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
    Blogger Comment
    Facebook Comment