সর্বশেষ খবর:

সাবেক প্রেমিকাকে ২২ হাজার কল ও এসএমএস, অতঃপর জেল



ছাড়াছাড়ি হওয়ার পরও সাবেক প্রেমিকাকে ১০ মাসে ২১ হাজার ৮০৭ বার ফোন ও এসএমএস পাঠিয়েছেন এক প্রেমিক! অর্থাৎ, দিনপ্রতি ৭৩ বার।

এ ঘটনায় বিরক্ত হয়ে আদালতে মামলা ঠুকে দেন ওই প্রেমিকা। ফ্রান্সের এক আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার জেল দেওয়া হয়েছে ওই প্রেমিককে।

আদালত ৩৩ বছর বয়সী ওই ফ্রেঞ্চ নাগরিককে ১০ মাসের জেল দিয়েছে। এ ছাড়া তাকে আরও এক হাজার ইউরো জরিমানা অনাদায়ে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।

বার্তা সংস্থার এএফপি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নেওয়া ও অভিযোগকারীকে ফোন দিতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণ ফ্রান্সের রোহনের বাসিন্দা ওই আসামি তার বিরুদ্ধে ফোন ও এসএমএস প্রদানের অভিযোগ স্বীকার করেছেন। টানা ১০ মাস সাবেক প্রেমিকাকে ফোন ও এসএমএস দেওয়ার পর তা বন্ধ করেছেন বলেও জানান তিনি।

লিয়নের আদালতে অভিযুক্ত বলেন, ২০১১ সালে ওই নারীর সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার পর মানসিক বিষণ্নতার কারণে তিনি হাসপাতালে চিকিৎসা নেন।

সাবেক প্রেমিকার সঙ্গে সম্পর্ক থাকাকালীন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে উভয়ে একত্রে থাকতেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর অ্যাপার্টমেন্টের ভাড়া বাবদ সাবেক প্রেমিকার কাছে ক্ষতিপূরণ দাবি করেন তিনি। তার সাবেক প্রেমিকা এ দাবি প্রত্যাখ্যান করলে তাকে অন্তত ধন্যবাদ দেওয়ার দাবি জানান অভিযুক্ত ব্যক্তি। কিন্তু ওই নারী এটাও প্রত্যাখ্যান করলে তিনি অনবরত তাকে ফোন ও এসএমএস পাঠাতে থাকেন।

অভিযোগকারী নারী জানান, তার মোবাইল বন্ধ থাকলে বাবা-মা এমনকি অফিসেও ফোন দিতেন ওই ব্যক্তি।

অবশেষে মধ্যস্ততাকারীর সহায়তায় উভয়ের মধ্যে ফোন দেওয়ার ব্যাপারটি মীমাংসা হয়।

    Blogger Comment
    Facebook Comment