সর্বশেষ খবর:

আজ সারাদেশে বিএনপি ও জামায়াতের প্রতিবাদ মিছিল


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না দেয়ার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। গতকাল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে ন্যূনতম সুযোগ দেয়া হচ্ছে না। তাহলে দেশের গণতন্ত্র আজ কোথায়?
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের সমাবেশ করতে দেয়নি, আমরা এর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এর প্রতিবাদে রোববার (আজ) ঢাকা মহানগরীর থানায় থানায় এবং সারাদেশে জেলা সদরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। তিনি জানান, ৭ নভেম্বর সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়ে গত ২৯ অক্টোবর পিডব্লিউডি ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে চিঠি দেয় বিএনপি। পরে ৭ নভেম্বরের বদলে ৮ নভেম্বর সমাবেশের অনুমতি চেয়ে বিএনপির পক্ষ থেকে ফের চিঠি দেয়া হয়। সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য দেয়ার কথা ছিল। এদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ইনডোরে কোনো কর্মসূচি পালন করতে চাইলে বিএনপিকে তা করতে দেয়া হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির মহানগর কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, সরকারকে আহ্বান জানাবো, এ ধরনের আচরণ আপনারা ভবিষ্যতে করবেন না। সরকার যদি এভাবে একের পর এক আমাদের অহিংস কর্মসূচিতে বাধা দিতে থাকে, তাহলে একদিন বাঁধ ভেঙে যাবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস-চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আযম খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, মহানগর সদস্য সচিব হাবিব-উন নবী খান সোহেল, কেন্দ্রীয় নেতা আব্দুস সালাম, খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আবদুল লতিফ জনি, এবিএম মোশাররফ হোসেন, ইশতিয়াক আজিজ উলফাত, আনোয়ার হোসাইন, আবদুস সালাম আজাদ, শিরিন সুলতানা, মীর সরফত আলী সপু, হাফেজ আবদুল মালেক প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে সংগঠনের কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে আজ সারা দেশে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত। মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী ও মো. কামারুজ্জামানের মৃত্যুদ-ে টানা হরতালের পর গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতির মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান।
যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতাকারী দলটির নেতা শফিকুর বিবৃতিতে বলেছেন, সরকার জনগণের মতামত ও বিশ্ব সম্প্রদায়ের অভিমত অগ্রাহ্য করে কামারুজ্জামানকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে আমরা এই মুহূর্তে তা বন্ধ করার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করি সরকার চক্রান্ত, ষড়যন্ত্র ও হত্যার রাজনীতি পরিহার করে এই মুহূর্তে কামারুজ্জামানকে মুক্তি দিবেন।
তিনি বলেন, সরকার একে একে জামায়াত নেতৃবৃন্দকে হত্যার যে পরিকল্পনা নিয়েছে, সে পরিকল্পনা বাস্তবায়নের জন্য অস্থির হয়ে পড়েছে। আইন, আদালত ও সংবিধানের তোয়াক্কা না করে ফাঁসি কার্যকরের নামে কামারুজ্জামানকে হত্যা করার জন্য সরকার বেসামাল হয়ে পড়েছে। কামারুজ্জামানের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলেও দাবি করেছে জামায়াত।
    Blogger Comment
    Facebook Comment